চাটগাঁ নিউজ ডেস্ক: ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামীকাল মঙ্গলবার, ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে। বাংলা প্রথম পত্রের মাধ্যমে সকাল ১০টায় শুরু হওয়া লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। লিখিত অংশ শেষ হওয়ার পর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবার মোট ১ লাখ ৩০ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৫৬ হাজার ৩২৫ জন এবং ছাত্রী ৭৪ হাজার ৩৪৩ জন। বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা—তিনটি বিভাগের শিক্ষার্থীরাই এ পরীক্ষায় অংশগ্রহণ করছে।
পরিসংখ্যান অনুযায়ী, বিজ্ঞানে অংশ নিচ্ছে ১৫ হাজার ৪৩৪ জন ছাত্র ও ১৯ হাজার ৫৪৬ জন ছাত্রী। মানবিক বিভাগে রয়েছে ১৩ হাজার ৭৩১ জন ছাত্র এবং ৩০ হাজার ২২৭ জন ছাত্রী। ব্যবসায় শিক্ষায় অংশ নিচ্ছে ২৭ হাজার ১৬০ জন ছাত্র ও ২৪ হাজার ৫৭০ জন ছাত্রী।
জেলাভিত্তিক তথ্য বলছে, চট্টগ্রাম জেলা (মহানগরসহ) থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এখানে ছাত্র ৪০ হাজার ১৮৪ জন এবং ছাত্রী ৫২ হাজার ১১২ জন। এছাড়া কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান থেকেও উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পুরো অঞ্চলে ১ হাজার ২১৮টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ২১৮টি কেন্দ্রে পরীক্ষা দেবে।
পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে শিক্ষা বোর্ড কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে। প্রশ্নফাঁসের গুজব প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করতে পরীক্ষা চলাকালীন সব কোচিং সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ৭৬টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে, যার মধ্যে ৬৬টি সাধারণ এবং ১০টি বিশেষ টিম রয়েছে।
পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনাও দেওয়া হয়েছে। পরীক্ষার অন্তত ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। মোবাইল ফোন সম্পূর্ণ নিষিদ্ধ এবং অনুমোদিত ক্যালকুলেটর ছাড়া অন্য কিছু ব্যবহার করা যাবে না। ওএমআর শিট সঠিকভাবে পূরণ করা, উত্তরপত্র ভাঁজ না করা এবং প্রতিটি অংশে আলাদাভাবে পাস করা বাধ্যতামূলক।
এছাড়া পরীক্ষার্থীরা কেবল প্রবেশপত্রে উল্লেখিত বিষয়েই পরীক্ষা দিতে পারবে এবং নিজ প্রতিষ্ঠানে নয়, নির্ধারিত কেন্দ্রে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় শুধুমাত্র কাঁটাযুক্ত (এনালগ) ঘড়ি ব্যবহারের অনুমতি থাকবে।
নিরাপত্তা জোরদারে চট্টগ্রাম মহানগরের প্রতিটি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শেষ হওয়ার এক ঘণ্টা পর পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে। এর আওতায় সভা-সমাবেশ, মিছিল, উচ্চ শব্দ সৃষ্টি, অস্ত্র বহন এবং অননুমোদিত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহসহ সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে, যাতে পরীক্ষার্থীরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পরীক্ষা দিতে পারে।
চাটগাঁ নিউজ/এমকেএন





