পটিয়ায় জমি বিরোধে হামলা, ৬ দিন পর আহত ব্যবসায়ীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে হামলায় আহত এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সোমবার (২০ এপ্রিল) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান আবুল কাসেম (৫৫)। তিনি পটিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কামাল বাজার এলাকার বাসিন্দা এবং পেশায় সুপারি ব্যবসায়ী। তাঁর পিতার নাম আয়ুব আলী।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা গেছে, চিবাতলি গ্রামের প্রতিবেশী ইকবাল হোসেন ও তার সহযোগীদের সঙ্গে আবুল কাসেমের পৈত্রিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১৫ এপ্রিল সকালে নিজ জমিতে কাজ করতে গেলে প্রতিপক্ষরা তাকে বাধা দেয়। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়।

এ সময় আবুল কাসেম ও তাঁর ভাই আবুল কালাম গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় প্রথমে তাদের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়, পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে আবুল কাসেমের মৃত্যু হয়। আহত আবুল কালামের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর ১৯ এপ্রিল পটিয়া থানায় ইকবাল হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানিয়েছেন, মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়ায় রয়েছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top