মহেশখালী প্রতিনিধি: কক্সবাজারের মহেশখালী দ্বীপের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি বাঁকখালী নদীর ওপর একটি সেতু নির্মাণ। এ প্রেক্ষাপটে প্রস্তাবিত কক্সবাজার–মহেশখালী সেতু/টানেল নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
সভায় অর্থনীতি, পর্যটন, পরিবেশ এবং নদী শাসনসহ বিভিন্ন দিক বিবেচনায় এনে সেতু নির্মাণের বিষয়ে প্রাথমিক আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সচিব বলেন, অন্তর্বর্তী সরকার আমলে সেতু নির্মাণের বিষয়টি গতি পায়নি। তবে নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর এ প্রকল্প বাস্তবায়নের পথে এগোবে। তিনি আরও বলেন, মহেশখালীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন কক্সবাজার–মহেশখালী সেতু নির্মাণে বর্তমান সরকার দ্রুত কার্যক্রম শুরু করবে।
জেলা প্রশাসক মো. আ. মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা এবং কক্সবাজার ও মহেশখালীর বিশিষ্ট ব্যক্তিরা।
চাটগাঁ নিউজ/সজিব/এমকেএন






