মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে আব্দুল ওয়াদুদ সায়েম (২১) নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর ১টার দিকে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মিনঝিরি (সাদাপাহাড়) এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ সায়েম চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার বাড়ি এলাকার মো. সাইফুল্লাহর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সায়েম তার আরও পাঁচ বন্ধুকে নিয়ে বৃহস্পতিবার সীতাকুণ্ড থেকে লামার মাতামুহুরী নদীর পাশে অবস্থিত মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামের একটি রিসোর্টে বেড়াতে আসেন। দুপুর ১২টার দিকে তারা রিসোর্টে চেক-ইন করেন। পরে দুপুর ১টার দিকে তারা নদীতে গোসল করতে নামেন।

গোসলের সময় অসতর্কতাবশত সায়েম গভীর পানিতে চলে গেলে তিনি তলিয়ে যান। সঙ্গে থাকা বন্ধুরা ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন।

রিসোর্টের ম্যানেজার মো. আরাফাত জানান, আমাদের রিসোর্টের পাশে নদীর গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়ে সতর্ক করা হয়েছে। পর্যটকদের সেদিকে না যেতে বলা হলেও তারা আনন্দ করতে গিয়ে সেখানে নামেন। এ সময় সায়েম পানিতে তলিয়ে যায়।

পরে খবর পেয়ে লামা ফায়ার সার্ভিসের একটি দল দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।

লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ বলেন, দুপুর দেড়টা থেকে আমাদের উদ্ধার অভিযান চলছে। তবে সংবাদ লেখা পর্যন্ত নিখোঁজ সায়েমকে উদ্ধার করা সম্ভব হয়নি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, ঘটনা জানার পর পুলিশ ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছে।

চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন

 

Scroll to Top