বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বাবুই পাখির বাসা ভাঙার অভিযোগে বাছা মিয়া (৪৮) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৫ এপ্রিল) দুপুর ৩টার দিকে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ঈশ্বরভুট্ট বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
অভিযানকালে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি ফসলি জমি নষ্ট করার অভিযোগ তুলে প্রায় ২৭টি দেশি বাবুই পাখির বাসা ভেঙে ফেলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বাসাগুলোর মধ্যে ছোট ছোট পাখির বাচ্চা দেখতে পান।
এ ঘটনায় বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে বাছা মিয়াকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ইউএনও মেহেদী হাসান ফারুক জানান, অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করেছেন এবং ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলে অঙ্গীকার করেছেন।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়েছে।
চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন






