রাউজান প্রতিনিধি: চট্টগ্রাম-কাপ্তাই সড়কে আলপনা আঁকার সময় দ্রুতগামী একটি পিকআপের ধাক্কায় মো. জুয়েল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ভোর আনুমানিক ৪টার দিকে নোয়াপাড়া ইউনিয়নের কমলার দিঘির পাড় এলাকায় কালীবাড়ি মন্দিরের তোরণের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল নোয়াপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পটিয়াপাড়া গ্রামের মৃত নুরুচ্ছাফার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে ভোরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সড়কে আলপনা আঁকার অসমাপ্ত কাজ করছিলেন জুয়েল। এ সময় তরমুজ বোঝাই একটি দ্রুতগামী পিকআপ তাকে ধাক্কা দিলে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পথেরহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের প্রতিবেশী ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল আজম ছোটন জানান, জুয়েল দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মামুন ভুঁইয়া বলেন, আলপনা আঁকার সময় পিকআপের ধাক্কায় জুয়েল গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত পিকআপটি আটক করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, গত রবিবার রাত পৌনে ১১টার দিকে একই সড়কের আধা কিলোমিটার দূরে বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক চালক ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা দুটি বাসে আগুন ধরিয়ে দেয়।
চাটগাঁ নিউজ/জয়নাল/এমকেএন






