চট্টগ্রামের পাথরঘাটায় তরুণীর আত্মহত্যা: গ্রেপ্তার স্বামী ও শ্বশুর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন পাথরঘাটা এলাকায় রিয়া দে (২৪) নামে এক তরুণী আত্মহত্যা করেছে। এ ঘটনায় তরুণীর স্বামী রাজন দে ও শ্বশুর রণধীর দাশকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ।

এর আগে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে নগরীর পাথরঘাটা এলাকার রায়ান রেশমা ভ্যালী নামক বিল্ডিংয়ে এ আত্মহত্যার ঘটনা ঘটে। পরে একইদিন সন্ধ্যায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে কোতোয়ালি থানায় লিখিত এজাহার দায়ের করেন নিহত রিয়ার মা ঝুমা দে। যেখানে রিয়ার স্বামী-শ্বশুর-শাশুড়ি ও দেবরের নাম উল্লেখপূর্বক মামলা হিসেবে আমলে নেয় পুলিশ।

এজাহারে সূত্রে জানা গেছে,  রিয়ার স্বামী রাজন দে এবং তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে তাকে মানসিকভাবে নির্যাতন করে আসছিল। পারিবারিক কলহ, চাপ ও নানা ধরনের মানসিক যন্ত্রণার কারণে তিনি চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, এসব নির্যাতন ও প্ররোচনার কারণেই রিয়া দে আত্মহত্যা করতে বাধ্য হন। ঘটনার দিন ১৪ এপ্রিল সকালে রিয়া দে তার দুই বছরের কন্যাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। পরে তার স্বামী রাজন দে ফোন করে জানান, রিয়া দে বাথরুমের ভেতরে দরজা বন্ধ করে শাওয়ারের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

ঘটনার দিন সকালে বাসার ভেতরে রিয়াকে অচেতন অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবারের দাবি- এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের দীর্ঘদিনের নির্যাতন ও প্ররোচনার ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া কোতোয়ালি থানার এসআই মো. আশরাফ ছিদ্দিক ‘চাটগাঁ নিউজ’কে বলেন, আত্মহত্যার প্ররোচনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আমরা অভিযোগ আমলে নিহত রিয়ার স্বামী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছি। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

চাটগাঁ নিউজ/এমকেএন/জেএইচ

Scroll to Top