ফটিকছড়িতে হালদা নদীর চর কেটে মাটি বিক্রি, বাড়ছে ভাঙনের শঙ্কা

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাহচৌমনী এলাকার পশ্চিম পাশে অবস্থিত হালদা নদীর চর থেকে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র নদীর চর কেটে মাটি সরিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার পাশাপাশি ভাঙনের আশঙ্কা বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী।

এলাকাবাসীর অভিযোগ, একাধিকবার বাধা দেওয়ার পরও সংশ্লিষ্ট চক্রটি তাদের কার্যক্রম বন্ধ করেনি। ফলে আশপাশের কৃষিজমি ও বসতবাড়ি হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে পরিবেশের মারাত্মক ক্ষতির আশঙ্কাও করছেন তারা।

স্থানীয় বিএনপি নেতা মহিউদ্দিন মাহমুদ বলেন, হালদা নদীর চর কেটে মাটি রাস্তা নির্মাণসহ বিভিন্ন কাজে বিক্রি করা হচ্ছে। আমরা বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি। চর কাটার কারণে বর্ষা মৌসুমে পানির চাপ বেড়ে নদীর বেড়িবাঁধ ভেঙে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এ বিষয়ে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা অবৈধভাবে চর কাটার সঙ্গে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/আনোয়ার/এমকেএন

Scroll to Top