চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় মাদকাসক্ত অবস্থায় জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আরমান উদ্দিন (২৭) উপজেলার কালিয়াইশ ইউনিয়নের বাসিন্দা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১টার দিকে কালিয়াইশ ইউনিয়নে পরিচালিত এক অভিযানে তাকে আটক করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এলাকায় মাদক সেবনের খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। এসময় আরমান উদ্দিনকে মাদক সেবনরত অবস্থায় পাওয়া যায়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রাথমিক শুনানি শেষে তাকে দোষী সাব্যস্ত করা হয়। আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, মাদক সমাজের জন্য মারাত্মক হুমকি। মাদক নির্মূলে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এমকেএন






