চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও হুণ্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় ব্যাংকের সাবেক দুই পরিচালককে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (৩১ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমান আদালতে এই আদেশ দেন।
আসামিরা হলেন ব্যাংকের সাবেক পরিচালক অপরূপ চৌধুরী (৬৫) ও তৌহিদ সিপার রফিকুজ্জামান (৬৬)। তারা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলেও আদালত তা নামঞ্জুর করেন।
দুদকের আইনজীবী মোকাররম হোসাইন বলেন, ঋণ অনুমোদনের আগে ব্যাংকের তদন্ত কমিটি এই প্রস্তাবটি নিরাপদ নয় বলে ১৭টি নেতিবাচক কারণ তুলে ধরেছিল। তবুও বোর্ড প্রতিবেদন উপেক্ষা করে ঋণ অনুমোদন দেয়।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল আলম জানান, উভয়েই ইউসিবির স্বাধীন পরিচালক ছিলেন। অপরূপ চৌধুরী সরকারি প্রশাসনের কর্মকর্তা, আর তৌহিদুল সিপার অন্য একটি বিদেশি ব্যাংকের কর্মকর্তা ছিলেন।
মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে। গত ১১ মার্চ আদালতে অভিযোগ গঠন করা হয় এবং সাক্ষ্যগ্রহণ শুরু হবে আগামী ৫ এপ্রিল। অভিযোগপত্রে ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






