সীতাকুণ্ড প্রতিনিধি: ঈদের ছুটিতে গাজীপুর থেকে মোটরসাইকেলযোগে কক্সবাজার যাওয়ার পথে চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মো. আবু বক্কর (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাক্কা মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত আবু বক্কর গাজীপুর জেলার জয়দেবপুর সদর থানার দেবীপাড়া গ্রামের মো. মনিরুজ্জামানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গাজীপুর থেকে ১০-১২ জনের একটি মোটরসাইকেল বহর কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। পথে সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট এলাকার পাক্কা মসজিদের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আবু বক্কর গুরুতর আহত হন।
পরে তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বার আউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফজলুল হক জানান, দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন





