চাটগাঁ নিউজ ডেস্ক : আবাসিক ভবনে হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, অনুমোদিত পার্কিংয়ের জায়গায় দোকান স্থাপন এবং কোথাও কোনো পার্কিং ব্যবস্থা না থাকার অভিযোগে নগরীর ছয়টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।
সোমবার (৩১ আগস্ট) সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেনের নেতৃত্বে নগরীর একুশে হাসপাতাল, বাস্কেট সুপার মার্কেট, প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল, সার্জিস্কোপ হাসপাতাল, মেডিকেয়ার হাসপাতাল ও পিস পার্ক হাসপাতাল পরিদর্শন করে একটি টিম।
পরিদর্শনকালে একুশে হাসপাতালে আবাসিক ভবনে হাসপাতাল কার্যক্রম পরিচালনার বিষয়টি সিডিএর নজরে আসে। প্রতিষ্ঠানটিকে এর আগে অনুমোদিত নকশা উপস্থাপনের জন্য বলা হলেও পরিদর্শনের সময় তারা তা দেখাতে পারেনি।
সরেজমিনে হাসপাতালটিতে কোনো নির্ধারিত পার্কিং পাওয়া যায়নি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ ভবনের সামনের খালি জায়গাকে রোগী প্রবেশের জন্য পার্কিং হিসেবে দাবি করে।
বাস্কেট সুপার মার্কেটেও অনিয়মের চিত্র পাওয়া যায়। ভবনের বেসমেন্টে পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও গ্রাউন্ড ফ্লোরে পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গায় বাস্কেট সুপার মার্কেটের আউটলেট স্থাপন করা হয়েছে। ফলে অনুমোদিত পার্কিংয়ের জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের বিষয়টি সিডিএর নজরে আসে।
অন্যদিকে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল একটি আবাসিক ভবন ভাড়া নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সিডিএর অনুমোদিত নকশা উপস্থাপন করা সম্ভব হয়নি।
পাঁচলাইশ আবাসিক এলাকার সার্জিস্কোপ, পিস পার্ক ও মেডিকেয়ার হাসপাতালেও আকস্মিক পরিদর্শন চালানো হয়। এসব প্রতিষ্ঠানে পর্যাপ্ত বা নির্ধারিত কোনো পার্কিং ব্যবস্থা পাওয়া যায়নি বলে জানিয়েছে সিডিএ।
পরিদর্শন শেষে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে আগামীকালের মধ্যে অনুমোদিত নকশাসহ সিডিএ কার্যালয়ে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পার্কিং ব্যবস্থার প্রয়োজনীয় উন্নয়ন ও ঘাটতি নিরসনে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।
সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরীকে যানজটমুক্ত রাখতে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। হাসপাতাল একটি সেবাদানকারী প্রতিষ্ঠান। কিন্তু সেবার নামে কোনো প্রতিষ্ঠান অনিয়ম করে পরিচালিত হতে পারে না। আমাদের মূল চাহিদাগুলোর একটি হলো পর্যাপ্ত পার্কিং নিশ্চিত করা। নির্ধারিত সময়ের মধ্যে কোনো অগ্রগতি না হলে বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
চাটগাঁ নিউজ/এসএ





