চাটগাঁ নিউজ ডেস্ক: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে কলকাতার বিধাননগর আদালতে হাজির করা হয়েছে।
রোববার (২২ মার্চ) আদালতে নেওয়ার আগে নিয়ম অনুযায়ী তাদের শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়।
আদালতে ওঠার আগে ফয়সাল করিম মাসুদ দাবি করেন, তিনি এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি আলমগীর শেখ।
উল্লেখ্য, গত ৭ মার্চ বাংলাদেশ সীমান্তসংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বনগাঁ এলাকা থেকে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ) তাদের গ্রেপ্তার করে। পরদিন ৮ মার্চ আদালতে তোলা হলে বিচারক তাদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে, একই মামলায় গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক ফিলিপ সাংমাকে শনিবার (২১ মার্চ) ১৪ দিনের জেল হেফাজতে পাঠানো হয়েছে। এই সময়ে তাকে কারাগারে জিজ্ঞাসাবাদ করতে পারবে এসটিএফ। আগামী ৩ এপ্রিল তাকে আবার আদালতে তোলা হবে।
প্রসঙ্গত, গত বছরের ১২ ডিসেম্বর ঢাকার পল্টনের বক্স কালভার্ট রোডে জুমার নামাজ শেষে গণসংযোগ শেষে ফেরার পথে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। পরে ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় দায়ের করা মামলায় ইতোমধ্যে কয়েকজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বর্তমানে দুই অভিযুক্তের বিষয়ে আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা।
চাটগাঁ নিউজ/এমকেএন





