সীতাকুণ্ডে তুচ্ছ বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, আটক ১

সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মো. রাজু (৩০) নামে এক যুবককে ডেকে নিয়ে ইট ও লাঠি-সোটা দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করেছে তারই প্রতিবেশীরা।

শুক্রবার (২০ মার্চ) রাত ৯টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং একজনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় ইফতারের আগ মুহূর্তে একটি ছোট গাছ নিয়ে একই এলাকার দুই পক্ষের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। এ সময় নিহত রাজুর এক আত্মীয় মো. আজম এক পক্ষ নিয়ে ঝগড়ায় জড়িয়ে পড়েন। বিষয়টি দেখে রাজু তাকে ইফতারের সময় ঝগড়া না করার জন্য অনুরোধ করলে আজম ক্ষিপ্ত হয়ে ওঠেন। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং পরে সবাই ঘটনাস্থল ত্যাগ করে।

কিন্তু এ ঘটনার জেরে রাত ৯টার দিকে মো. আজম, তার চার ছেলে ও সহযোগী আনোয়ার রাজুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে তারা ইট ও লাঠি-সোটা দিয়ে রাজুর ওপর হামলা চালায়। একপর্যায়ে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই রাজুর মৃত্যু হয়।

নিহত রাজু ভাটিয়ারী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাদামবিবিরহাট গ্রামের আব্দুল খালেক সারেং বাড়ির মো. হারুনের ছেলে।

রাজুর বোন তাহমিনা আক্তার জানান, আজম তাদের আত্মীয় (মায়ের মামাতো ভাই)। সন্ধ্যার ঝগড়ার সময় রাজু তাকে থামাতে গেলে উল্টো আজম তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে রাতের দিকে আজম ও তার লোকজন বাড়িতে এসে রাজুকে ডেকে নিয়ে গিয়ে হত্যা করে।

তিনি আরও জানান, ঘটনার সময় তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে লাশ উদ্ধার করে এবং আজমকে আটক করে।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আটক আজমকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চাটগাঁ নিউজ/দুলু/এমকেএন

Scroll to Top