ফটিকছড়িতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. চুরো মিয়া নামে এক প্রবীণ ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার (১৫ মার্চ) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার নারায়ণহাট স্লুইসগেট ও একটি পেট্রোল পাম্পের পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ এলাকার আঁজলা পাড়ার বাসিন্দা মো. চুরো মিয়া (আইয়ুবের বাবা) দুপুরের দিকে রাস্তা পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন। ধাক্কার তীব্রতায় তিনি ঘটনাস্থলেই মারা যান বলে স্থানীয়রা জানান।

এলাকায় দীর্ঘদিন ধরে সম্মানিত মুরব্বি হিসেবে পরিচিত ছিলেন তিনি। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

আজ রাত ১০টায় মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

এ বিষয়ে ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে জানান, নারায়ণহাট স্লুইসগেট এলাকার সড়কে একটি গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top