মরদেহ উদ্ধার করতে গিয়ে পুলিশ সদস্য পেলেন নিজ ছেলের লাশ

চাটগাঁ নিউজ ডেস্ক : কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে তুহিন নামে এক স্কুলছাত্র। নিহত ওই শিশুর মরদেহ উদ্ধার করতে গিয়ে শোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ সদস্য দেখতে পান শিশুটি আর কেউ নেয়, সে তারই সন্তান।

শুক্রবার (২৪ জুলাই) সকাল প্রায় সাড়ে ১০টার দিকে শহরের গাইটাল আবদুল ওয়াহেদ জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে সিমেন্টবোঝাই একটি ট্রাকচাপায় নিহত হয় তুহিন। সে ওই বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

এদিকে, নিহতের বাবা কনস্টেবল সামসুল কিশোরগঞ্জ সদর মডেল থানায় কর্মরত। তাদের গ্রামের বাড়ি পাশ্ববর্তী নেত্রকোনা জেলায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় নিহতের খবর পেয়ে দায়িত্ব পালনের অংশ হিসেবে ঘটনাস্থলে যান পুলিশ সদস্য সামসুর। কিন্তু তিনি জানতেন না যার মরদেহ উদ্ধার করতে যাচ্ছেন, সে আর কেউ নয় সে তার নিজের ছেলে। ঘটনাস্থলে পৌঁছে নিজ ছেলের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, ‘সামসুল আমাদের থানার একজন দায়িত্বশীল সদস্য। দুর্ঘটনার সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে যান। পরে সেখানে গিয়ে জানতে পারেন নিহত শিশুটি তার নিজের ছেলে। ঘটনাটি আমাদের সবার জন্য অত্যন্ত বেদনাদায়ক। দুর্ঘটনায় জড়িত ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকটির চালক পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top