চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের কোতোয়ালীর চেরাগী পাহাড় মোড় থেকে অপহরণের ৬ ঘণ্টা পর রাঙ্গুনিয়া থেকে মা-ছেলেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত ৩ জনকে আটক করা হয়েছে।
শুক্রবার ( ২৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।
তিনি বলেন, গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার সময় চেরাগী পাহাড় মোড়ের চেরাগী রেস্তোরাঁয় সামনে থেকে জায়গা জমি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিরোধের জেরে মাইক্রোবাসে করে জোরপূর্বক চম্পক সিংহ (৪৬) ও তার মা অর্চনা সিংহকে (৬৫) তুলে নিয়ে যায় অপহরণকারীরা।
ওসি আরও জানান, অপহরণের তথ্য পাওয়া মাত্র কোতোয়ালী থানার টিম গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরণকারীদের অনুসরণ করে রাঙ্গুনিয়া থানাধীন লিচু বাগানের সিজল দোকানের ২য় তলার গোপন কক্ষ থেকে ভিকটিম চম্পক সিংহ ও তার মা অর্চনা সিংহ কে উদ্ধার করে। এ সময় মো. মোজাহের (৩৪), মো. হাশেম (৪৩), মো. আমান উল্লাহ (৪৩) নামের তিনজনকে আটক করা হয়।
চাটগাঁ নিউজ/এসএ





