তেহরানে তেলের ডিপোতে বিস্ফোরণ, বৈরুতে কুদস ফোর্সের ওপর হামলা!

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের তেহরানে তেলের মজুত রাখার কয়েকটি ডিপোতে হামলার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)। হামলার পর তেহরানে আকাশে ব্যাপক কালো ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

আইডিএফ বলেছে, এটি জ্বালানি সংরক্ষণ ট্যাংকগুলোর ওপর চালানো একটি ‘উল্লেখযোগ্য হামলা’।

তাদের দাবি, ইরানের শাসকগোষ্ঠী এসব জ্বালানি ট্যাংক সরাসরি ও নিয়মিতভাবে সামরিক অবকাঠামো পরিচালনার কাজে ব্যবহার করে।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বৈরুতের একটি হোটেলে ইসরায়েলি হামলায় ৪ জন নিহত ও আরও অন্তত দশ জন আহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যে হোটেলে বিমান হামলায় এসব হতাহতের ঘটনা ঘটেছে, সেখানে দক্ষিণ লেবানন ও বৈরুতের দক্ষিণ উপশহর থেকে যুদ্ধের কারণে বাস্তুচ্যুত হয়ে আসা মানুষরা আশ্রয় নিয়েছিলেন।

যদিও আবারও হামলা হতে পারে এমন আশঙ্কায় কিছু মানুষকে ভবনটি ছেড়ে বের হয়ে যেতে দেখা গেছে।

আইডিএফ টেলিগ্রামে দেওয়া এক পোস্টে জানিয়েছে, তারা একটি সুনির্দিষ্ট হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল ইরানের আইআরজিসির কুদস ফোর্সের লেবানন কোরের কয়েকজন গুরুত্বপূর্ণ কমান্ডার, যারা বৈরুতে থেকে তাদের কার্যক্রম পরিচালনা করছিলেন।

কুদস ফোর্স হলো আইআরজিসি (ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর)-এর বিদেশে পরিচালিত সামরিক কার্যক্রমের শাখা।

আইডিএফ চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিল, তারা লেবানন কোরের অস্থায়ী কমান্ডার দাউদ আলিজাদেহকে হত্যা করেছে।

এক বিবৃতিতে আইডিএফ অভিযোগ করেছে, কুদস ফোর্স ইসরায়েল রাষ্ট্র ও তার বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালিয়ে নিতে কাজ করে যাচ্ছিল।

একইসঙ্গে তারা এও বলেছে, তারা যেখানেই কাজ করুক না কেন, ইরানের ‘সন্ত্রাসী শাসনের’ কমান্ডারদের লক্ষ্য করে সুনির্দিষ্ট অভিযান চালানো অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top