আন্তর্জাতিক ডেস্ক: ইরানের কয়েকটি স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরাইল অতর্কিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
ইরানের গণমাধ্যম জানিয়েছে, আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) তেহরানের কেন্দ্রস্থলে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হামলা পরই ইসরাইলজুড়ে ‘বিশেষ এবং স্থায়ী জরুরি অবস্থা’ জারি করেছে দেশটির প্রশাসন। তবে ইরানে ইসরাইলি হামলার পর প্রতিশোধ নেয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান।
ইরানের সংবাদমাধ্যমের বরাতে বিবিসির খবরে বলা হচ্ছে, আজ ইরানের পাঁচটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির ফার্স নিউজ এজেন্সির দেয়া তথ্যানুযায়ী, ওই পাঁচ শহর হলো- তেহরান, ইস্পাহান, কোম, কারাজ এবং কেরমানশাহ।
এতে আরও বলা হয়, তেহরানের ‘ইউনিভার্সিটি স্ট্রিট’ এবং ‘রিপাবলিক’ এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
তবে ইরানে ইসরািইলি হামলার পর প্রতিশোধ নেয়ার প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরানের এক কর্মকর্তা সংবাদসংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, কিছুক্ষণ আগে মার্কিন বাহিনী ইরানে ‘বড় ধরনের সামরিক অভিযান’ শুরু করেছে। নিজের ‘ট্রুথ সোশ্যাল’ অ্যাকাউন্টে পোস্ট করা এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, ‘আমাদের লক্ষ্য হলো ইরানি শাসনের আসন্ন হুমকি নির্মূল করে আমেরিকান জনগণকে রক্ষা করা। তারা অত্যন্ত কঠোর ও ভয়ানক এক পাপীষ্ঠ গোষ্ঠী।
তবে ইরানে পরিচালিত আজকের হামলা ইসরাইলের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করেননি।






