যমুনা অয়েলের তিন সিবিএ নেতা বরখাস্ত

চাটগাঁ নিউজ ডেস্ক : দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় রাষ্ট্রীয় তেল বিপণন প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি পিএলসির তিন কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারি) তাদের সাময়িক বরখাস্ত করা হয়।

বরখাস্ত হওয়া তিন কর্মচারী হলেন- কোম্পানির মিটার অপারেটর মো. আবুল হোসেন, কম্পিউটার অপারেটর মুহাম্মদ এয়াকুব ও গেজার (তেল পরিমাপকারী) জয়নাল আবেদীন ওরফে টুটুল।

যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. আমীর মাসুদ তিন কর্মচারীকে সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যমুনার শক্তিধর সিবিএ নেতা হিসেবে তিনজনের আলাদা পরিচিত আছে। আওয়ামী লীগ সরকারের আমলে তারা শ্রমিক লীগ করলেও এখন শ্রমিক দলে ভিড়েছেন। তিনজনের নামে জুলাই বিপ্লবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে মামলা রয়েছে।

বরখাস্ত হওয়া তিন কর্মচারীর মধ্যে মো. আবুল হোসেন যমুনার লেবার ইউনিয়নের সভাপতি। সাত মাস আগে একটি ফৌজদারি মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন। মো. এয়াকুব যমুনার লেবার ইউনিয়নের সাধারণ সম্পাদক। তিনিও জুলাই অভ্যুত্থানে ছাত্র হত্যার মামলায় দুই মাস ধরে কারাগারে। অন্যদিকে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত জয়নাল আবেদীন। জয়নালও যমুনার আলোচিত সিবিএ নেতা।

চাটগাঁ নিউজ/এসএ

আরও আন্তর্জাতিক খবর পড়ুন – চাটগাঁ নিউজ আন্তর্জাতিক

Youtube
লাইভ আপডেটেড ভিডিও নিউজ দেখতে চোখ রাখুন সিপ্লাস টিভির ইউটিউব চ্যানেলে

Scroll to Top