চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় এক সড়ক দুর্ঘটনায় নুরুল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহতবস্থায় চিকিৎসাধীন তার ১১ বছর বয়সী ছেলে শামীম হোসেন।
আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে নলবিলা ফরেস্ট গেইট এলাকায় একটি ড্রামট্রাকের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়, ছেলে শামীমের নতুন জামা কেনার আবদার পূরণ করতে বরইতলী থেকে চকরিয়া পৌরশহরের মার্কেটে যাচ্ছিলেন নুরুল হোসেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ড্রামট্রাকটির সাথে সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি পাশের খাদে উল্টে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত শামীমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চিরিঙ্গা হাইওয়ে থানার পরিদর্শক মো. আরিফুল আমিন জানান, পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক ড্রামট্রাকটি জব্দ করেছে এবং মোটরসাইকেলটি হেফাজতে নিয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
চাটগাঁ নিউজ/জেএইচ





