বান্দরবান প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০ নং বান্দরবান আসনে চার প্রার্থীর মধ্যে দু’জন প্রার্থী ন্যূনতম ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
বান্দরবানের নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল শুক্কুর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাতীয় পার্টির লাঙল ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের এই দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
জামানত হারানো দুই প্রার্থী হলেন: জাতীয় পার্টির লাঙল প্রতীকের আবু জাফর মো. ওয়ালিউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের আবুল কালাম আজাদ। জাতীয় নির্বাচনে লাঙল প্রতীকের প্রার্থী ২,৪৩৫ ভোট এবং হাতপাখা প্রতীকের প্রার্থী ৪,৭১৮ ভোট পেয়েছেন।
এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী সাচিংপ্রু জেরী ১,৪১,৪৫৫ ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির শাপলা কলি প্রতীকের আবু সাঈদ মো. সুজাউদ্দিন ২৬,১৬২ ভোট পেয়েছেন। ফলে সাচিংপ্রু জেরী ১,১৫,২৯৩ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন।
নির্বাচনী বিধি অনুযায়ী, প্রদত্ত মোট ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পাওয়া প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। লাঙল ও হাতপাখা প্রতীকের প্রার্থীরা নির্ধারিত ভোটের সীমা অতিক্রম করতে না পারায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
চাটগাঁ নিউজ/ইলিয়াছ/এমকেএন





