ঈদগাঁওয়ে যৌথ অভিযানে অস্ত্র উদ্ধার, একজন আটক

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ঈদগাঁও ইউনিয়নের শিয়া পাড়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনানিবাস সূত্র জানায়, ওই এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয়দের নিরাপত্তা বিঘ্নিত করে আসছিল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে চিহ্নিত ও শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের অপতৎপরতা দমনের লক্ষ্যে এ অভিযান চালানো হয়।

অভিযানকালে একটি দেশীয় একনলা বন্দুক, তিন রাউন্ড গুলি (অ্যামুনিশন) ও একটি পাউচসহ মো. দেলোয়ার নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আটক ব্যক্তি ও উদ্ধার করা অস্ত্র পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম শিফাতুল মাজদার জানান, সকাল থেকে কালিরছড়া শিয়া পাড়ার দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চলমান রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top