চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিলের চুরখাঁরহাট বাজারে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনার পর রায়হান আলম (Raihan Alam) নামের একটি আইডি থেকে ফেসবুকে পোস্ট দেওয়া হয়েছে। যেখানে রায়হান দাবি করে— সে আত্মরক্ষার্থে গুলি চালাতে বাধ্য হয়েছিল।
সোমবার (২৩ নভেম্বর) রাতের ওই ঘটনার পর আজ মঙ্গলবার ভাইরাল হওয়া পোস্টটিতে ‘আত্মরক্ষার্থে’ গুলি চালানোর দাবি করাসহ অসহায় যারা গুলিবিদ্ধ হয়েছেন তাদের ইনবক্সে যোগাযোগ করতেও বলা হয়েছে।
রায়হান আলম নামের আইডি থেকে দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘আসলামুলাইকুম প্রিয় ফটিকছড়িবাসী, আমি রায়হান। গতকাল রাতে ফটিকছড়ি সুয়াবিল থেকে সিএনজিযোগে বের হলে, আমাকে আওয়ামীপন্থী মনে করে কিছু … বিএনপি নেতা … আমার গাড়ি আটকাতে চেষ্টা করে। আমিও আমার আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হই।’
পোস্টে আরও দাবি করা হয়, বিএনপি নেতাদের সঙ্গে তার (রায়হানের) কোনো ঝামেলা ছিল না। তাতে লেখা হয়, ‘শান্ত ভাবে যাচ্ছিলাম। রাস্তা আটকাবি কেন? যারা যারা গুলি খেয়েছেন ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সঙ্গে আমার ঝামেলা ওইখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায় হন, টাকা পয়সা সাহায্যে লাগে আমাকে ইনবক্স করিয়েন। ভবিষ্যতে গাড়ি আটকাতে গেলে আগে খোজ খবর নিও গাড়ি ভিতরে কে আছে।’
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে মুখোশধারী কয়েকজন দুর্বৃত্ত সিএনজি অটোরিকশায় চুরখাঁরহাট বাজারে এসে অতর্কিত গুলি ছুড়তে শুরু করে। এতে বাজারের ব্যবসায়ী ও পথচারীসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন।
হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) কাজী তারেক আজিজ জানান, চট্টগ্রামের তালিকাভুক্ত ‘সন্ত্রাসী’ ও বড় সাজ্জাদের সহযোগী রায়হান আলম সুয়াবিল এলাকায় অবস্থান করছেন, এমন গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ আগে থেকেই সেখানে অভিযান চালাচ্ছিল। স্থানীয়রা তার গতিবিধির ওপর নজর রাখায় ধরা পড়ার আশঙ্কায় ভীতি প্রদর্শনের জন্য রায়হান ও তার সহযোগীরা গুলি ছুড়ে পালিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় সিএনজি অটোরিকশাচালক মো. জাবেদকে আটক করেছে পুলিশ। পলাতক রায়হান ও তার সহযোগীদের গ্রেপ্তারে এলাকায় সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি রায়হান আলম নামের আইডি আসলেই ওই ‘সন্ত্রাসী’ নিজে পরিচালনা করছেন কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
চাটগাঁ নিউজ/জেএইচ






