বগুড়ার শুটিং সেটে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বিনোদন ডেস্ক: নাটক ও চলচ্চিত্রের অভিনেতা সোহেল খান আর নেই।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

তার পরিবার সূত্র জানিয়েছে, শুটিংয়ের কাজে সোহেল খান বগুড়ায় অবস্থান করছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে অভিনেতার মৃত্যু হয়।

‘নসীব’ সিনেমার শুটিংয়ে বগুড়ায় অবস্থান করছিলেন এই অভিনেতা।

জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। আগামীকাল বুধবার তার শুটিং শেষ হওয়ার কথা ছিল।

শুটিং ইউনিটের সদস্যদের ভাষ্য, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। এ সময় তাকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে কোনো সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে ছুটে আসেন অন্য সদস্যরাও। এরপর দ্রুত সোহেল খানকে একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তাঁর আকস্মিক মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করছেন।

তবে অভিনেতার অসুস্থতার কারণ এবং তাঁর দাফনসংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। তাঁর মৃত্যুতে নাটক ও চলচ্চিত্র অঙ্গনে তৈরি হয়েছে শোকের আবহ।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top