আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় পুরোনো ট্রাক মালিক সমিতির কার্যালয়ের পাশে নতুন সমিতির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী ও শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর ২ টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার শাহাদাত নগর এলাকায় এ ঘটনা ঘটে।
এতে আহতরা হলেন— দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতি’র সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ট্রাক মালিক মো. নাছির মিয়া, মো. মনছুর, মো. কায়ছার সহ আরও কয়েকজন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রাক মালিক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। তবে অনুষ্ঠান চলাকালে সমিতির কমিটি ও নেতৃত্ব নিয়ে বিরোধের জেরে এমপি গ্রুপ ও শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারিতে রূপ নেয়। এতে দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ বেশ কয়েকজন শ্রমিক গুরুতর আহত হন। পরে কর্ণফুলী থানা ও বন্দর ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সমিতির নেতৃত্ব ও কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই বিরোধ চলে আসছিল। বিশেষ করে নতুন সমিতির সভাপতি হিসেবে নুরুল আবছার ওরফে আবছার মেম্বারের নাম আসার পর এ বিরোধ আরও তীব্র হয়।
অভিযোগ উঠে তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার ভাই আনিসুজ্জামান চৌধুরী রণির ঘনিষ্ঠজন এবং দশ ট্রাক অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামি।
এর জের ধরে কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের পর দক্ষিণ জেলা যুবদলের সভাপতি মো. শাহজাহানের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় কার্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। ব্যানারে মো. শাহজাহানকে নতুন সমিতির সভাপতি হিসেবে উল্লেখ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কড়া ভাষায় বক্তব্য দেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
আনোয়ারা পশ্চিম পটিয়া ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জানান, সমিতির সভাপতি নুরুল আবছার আওয়ামী লীগের হওয়ায় তাকে বাদ দিয়ে শাহজাহানকে সভাপতি নির্বাচন করা হয়। ইতিমধ্যে নতুন সভাপতির তালিকা সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। এদিকে সমিতির কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠান একটি পক্ষ বাধা দেওয়ায় তা যুবদলের কর্মীরা প্রতিহত করেন। আমাদের সমিতিতে আওয়ামী লীগ ও সার পাচারকারীর স্থান নেই।
স্থানীয় ট্রাক মালিক মো. নাছির মিয়া জানান, ট্রাক চালিয়ে সংসার চালাতে হয়। আওয়ামী লীগের আমলে বিএনপি করায় বিভিন্ন হয়রানি করে আসছে নুরুল আবছার। তাকে সভাপতি করে বিতর্কিত একটি সমিতি গঠন করে আমাদের চাপিয়ে দিতে চাচ্ছে এমপি গ্রুপ। এতে আমরা প্রতিবাদ করলে আওয়ামী লীগ দিয়ে মালিক শ্রমিকদের উপর হামলা চালানো হয়। আমাদের এ রক্তের ওপর দিয়ে আওয়ামী লীগের নিয়ন্ত্রিত সমিতির কার্যালয়টির উদ্বোধনী অনুষ্ঠানে আসেন এমপি। আমরা দলীয় হাইকমান্ডের কাছে এটার বিচার ও জবাব চাই।
দক্ষিণ চট্টগ্রাম ট্রাক মালিক সমিতি’র সভাপতি ইলিয়াস কাঞ্চন জানান, আওয়ামী লীগের নুরুল আবছারের মাধ্যমে সমিতি করে ট্রাক মালিকদেরকে আগের মতো হয়রানি ও চাঁদাবাজি করার পায়তারা করছে। শুরুতে আওয়ামী লীগ দিয়ে বিএনপির সাধারণ কর্মী ও ট্রাক মালিক শ্রমিকদেরকে পিটিয়ে আহত করেছে। এর সুষ্ঠু বিচার কামনা করি।
কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ নূরে আলম বলেন, ট্রাক মালিক সমিতির কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংসদ সদস্যের উপস্থিতিতে আয়োজিত একটি সাংগঠনিক অনুষ্ঠানে বিএনপির দুই পক্ষের এমন সংঘর্ষের ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/জেএইচ






