সাবেক শিক্ষামন্ত্রীর মাকে গ্রেপ্তার না করায় পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ

চাটগাঁ নিউজ ডেস্ক : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা ও নগর মহিলা লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিনকে গ্রেফতারের দাবিতে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রবিবার (২৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে নগরের দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকার ৫২ নম্বর প্লটের ‘লিজার বাড়ি’ নামের একটি ভবনের সামনে এ বিক্ষোভ করছেন নেতাকর্মীরা।

আন্দোলনকারী বিএনপি নেতাকর্মীরা জানান, রবিবার সন্ধ্যার দিকে পুলিশ দক্ষিণ খুলশীর ‘লিজার বাড়ি’ নামের একটি ভবনে অভিযান পরিচালনা করে। রাত পৌনে ১১টার দিকে অভিযান শেষ করে পুলিশ ভবন থেকে নেমে আসে। এসময় পুলিশ চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের ভগ্নিপতি ডা. সেলিম আকতার চৌধুরীকে আটক করে নিয়ে আসে। পরে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় তাঁকে।

এদিকে, একই বাসায় হাসিনা মহিউদ্দিনও অবস্থান করছেন দাবি করে তাকে আটক কিংবা গ্রেফতার না করায় অভিযানে যাওয়া পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এসময় পুলিশ কর্মকর্তারা আন্দোলনকারী বিএনপির নেতাকর্মীদের শান্ত করার চেষ্টা করেন।

পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, হাসিনা মহিউদ্দিন শারীরিকভাবে অসুস্থ। এ কারণে তাকে আটক কিংবা গ্রেফতার করা হয়নি।

হাসিনা মহিউদ্দিন নগর মহিলা লীগ সভানেত্রী। এছাড়াও তিনি সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিণী এবং সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের মা।

এর আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ও নওফেলের ভগ্নিপতি ড. সেলিম আকতার চৌধুরীকে আটক করে পুলিশ।

খুলশী থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা থেকে ড. সেলিম আকতার চৌধুরীকে আটক করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top