রাউজান প্রতিনিধি : পরিবেশ দূষণ রোধ ও বায়ুর মান নিয়ন্ত্রণে চট্টগ্রামের রাউজানে দুটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
রবিবার (২৯ নভেম্বর) এ অভিযানে একটি ইটভাটার চিমনি ও কিলন (ইট পোড়ানোর চুল্লি) গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি দুটি ইটভাটার মালিককে মোট ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে অভিযান পরিচালনার ক্ষেত্রে একচোখা নীতি ও বৈষম্যের অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত ইটভাটা মালিকরা।
উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এবং বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে উপজেলার ডাবুয়া ইউনিয়নের মেলুয়া এলাকার মেসার্স ভাই ভাই ব্রিকস (বিবিএম) নামের অবৈধ ইটভাটাটির চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ভাটার জ্বলন্ত আগুন নেভানো হয়। একই সঙ্গে ভাটাটির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়।
এছাড়া একই ইউনিয়নের কলমপতি এলাকার মেসার্স বাগদাদ ম্যানুফ্যাকচারিং ব্রিকস (বিএমবি)’ নামের অপর একটি ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তা আদায় করা হয়।
এদিকে, অভিযান পরিচালনায় বৈষম্যের অভিযোগ তুলেছেন স্থানীয় ইটভাটা মালিকরা। মোহাম্মদ ইব্রাহীম কোম্পানি নামের এক ইটভাটা মালিক বলেন, রাউজানের সব ইটভাটা যদি অবৈধ হয়ে থাকে, তাহলে প্রতিবার শুধু মেলুয়া, কলমপতি ও পূর্ব রাউজান এলাকাতেই কেন অভিযান চলে? বৃন্দাবন এলাকায় পাহাড় ঘেঁষা ১০-১২টি অবৈধ ইটভাটা থাকলেও সেখানে কোনো অভিযান হয় না। কদাচিৎ গেলেও লোক দেখানো জরিমানা করা হয়। অথচ আমাদের ভাটার চিমনি-কিলন ভেঙে দেওয়া হচ্ছে। এটি পরিবেশ অধিদপ্তরের একচোখা নীতি ছাড়া আর কিছু নয়।
মালিকদের এমন অভিযোগের বিষয়ে অভিযানে থাকা পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম জেলা পরিদর্শক চন্দন বিশ্বাস বলেন, রাউজানে মোট ২৯টি ইটভাটা রয়েছে। এর মধ্যে উরকিরচর এলাকার একটি অটোব্রিকস ছাড়া বাকি সবগুলোই অবৈধ। আমরা প্রতিটি অবৈধ ইটভাটায় পর্যায়ক্রমে অভিযান চালাই এবং নিয়মিত মামলা দায়ের করি। বৃন্দাবনের অবৈধ ইটভাটাগুলোতেও অভিযান পরিচালনা করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম বলেন, ‘আমরা দুটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করেছি। পর্যায়ক্রমে বাকি অবৈধ ইটভাটাগুলোতেও অভিযান চালানো হবে।’
চাটগাঁ নিউজ/জয়নাল/এসএ






