দক্ষিণ জেলা ছাত্রদল নেতা নয়নকে অব্যাহতি

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের এক নেতার তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ভিডিও কলে কথা বলার ১০ মিনিট ৩৭ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়নকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্তে তাকে অব্যাহতি দেওয়া হয়।

সংগঠনটির কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

শেখ মোহাম্মদ হোসেন ওরফে এস এম নয়ন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। পাশাপাশি তিনি সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন এলাকার নুরুল আনোয়ারের ছেলে।

এ বিষয়ে জানতে নয়নের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। তবে গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি ভিডিওটির বিষয়টি স্বীকার করেছেন। তার দাবি, প্রতিপক্ষের লোকজন এক নারীকে দিয়ে পরিকল্পিতভাবে তাকে ফাঁদে ফেলেছে। তিনি বলেন, ‘আমি না বুঝে ভুল কাজ করেছি।’

এ ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক এম রবিউল হোসেন রবি বলেন, ‘সংগঠনের কেউ ব্যক্তিগতভাবে আপত্তিকর বা নৈতিক স্খলনজনিত কাজে জড়িয়ে পড়লে তার দায়ভার সংগঠন নেবে না। এই ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদল যা সিদ্ধান্ত নিয়েছে, আমরা তার বাইরে নই।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top