রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে নিয়তি বনিক (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দোভাষী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নিয়তি বনিক ওই এলাকার বাসিন্দা।
তার ছেলে নোটন বনিক জানান, সকালে ভবনের পাঁচতলার ছাদে ময়লা ফেলতে গিয়েছিলেন তার মা। এ সময় ছাদের পুরোনো ইটের রেলিং ভেঙে নিচে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় খ্রিষ্টিয়ান হাসপাতাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চন্দ্রঘোনার খ্রিষ্টিয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক প্রবীর খিয়াং বলেন, ওই নারীকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল।
এদিকে হাসপাতালে নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন রাঙ্গুনিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন।
তিনি বলেন, পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ






