বোয়ালখালীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবার ব্যবসায়ীর মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কাতারপ্রবাসী এক প্রকৌশলীর মৃত্যুর পর এবার চট্টগ্রামের বোয়ালখালীর বাসিন্দা মোহাম্মদ ইসমাইল (৪২) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোহাম্মদ ইসমাইল (৪২) উপজেলার চরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওলি আহমদ টিকের বাড়ির মৃত আজম আলীর ছেলে। তিনি নগরীর আন্দরকিল্লা এলাকায় দোকান করতেন। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

তার ভাইয়ের ছেলে সুমন জানান, ১৫ দিন আগে জ্বরে আক্রান্ত হলে পরীক্ষা করে তার ডেঙ্গু শনাক্ত হয়। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও শনিবার দুপুরে হঠাৎ পেটব্যথা শুরু হলে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উল্লেখ্য, গতকাল শুক্রবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান কাতারপ্রবাসী প্রকৌশলী নেজাম উদ্দিন পারভেজ (৩৪)। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নুর হোসেন সওদাগরের বাড়ির আহমদ নবীর ছেলে।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/জেএইচ

Scroll to Top