সীতাকুণ্ডে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণশ্রমিক নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ভবনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলার ভাটিয়ারী এলাকায় এ  ‍দুর্ঘটনাটি ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম (৩০)। তিনি সিলেটের আব্দুল মতিনের সন্তান বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে নির্মাণ শ্রমিক আব্দুল কাইয়ুম সীতাকুণ্ডের ভাটিয়ারী বিজয় স্মরণী ডিগ্রি কলেজ এলাকায় মো. শাহ আলমের নির্মাণাধীন ভবনে কাজ করতে যান। সেখানে কাজের এক পর্যায়ে সকাল ১০টার দিকে অসতর্কতাবশত ভবনের পাশ দিয়ে যাওয়া একটি বৈদ্যুতিক তারের স্পর্শে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই প্রাণ হারান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, মৃতদেহ উদ্ধারের পর নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের হাতে হস্তান্তর করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top