‘জান বাজি রেখে মাঠে নামবে সবাই’, এসপি জাহাঙ্গীরের ফোনে পাওয়া গেল বার্তা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের মুঠোফোনে আগামী ডিসেম্বর ঘিরে দুটি বার্তা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। এর একটিতে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে। অন্য বার্তায় ‘জান বাজি রেখে মাঠে নামার’ কথা উল্লেখ রয়েছে।

এসপি জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তারের পর রবিবার এসব তথ্য জানান চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী। বেলা ১১টার দিকে চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, তার মুঠোফোন থেকে দুটি বড় বার্তা আমরা পেয়েছি, যা এজাহারেও উল্লেখ করা হয়েছে। একটি হলো, ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা হবে এবং অন্যটি হলো, ডিসেম্বরে জান বাজি রেখে সবাই মাঠে নামবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ এবং মুঠোফোনে পাওয়া এসব বার্তার সূত্র ধরেই জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বলে জানান ডিআইজি।

তিনি বলেন, এসপি জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হয়েছে। প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় প্রক্রিয়াও চলবে। তাকে সাময়িক বরখাস্ত ও বিভাগীয় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

যেভাবে পাওয়া গেল বার্তা
এসপি জাহাঙ্গীরের মুঠোফোনে পাওয়া তথ্যের বিষয়ে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য পাওয়ার পর তার মুঠোফোন জব্দ করা হয়। পরে একটি তদন্ত কমিটি গঠন করে ফোনটির ফরেনসিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি ও মামলা করার প্রক্রিয়া শুরু হয়।

পুলিশের অন্য কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত কি না, এমন প্রশ্নের জবাবে ডিআইজি বলেন, বিস্তারিত তদন্তে বিষয়টি বেরিয়ে আসবে। নিয়মিত মামলার তদন্ত ও বিভাগীয় তদন্ত—দুই প্রক্রিয়াতেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দুই থেকে তিন দিনের প্রাথমিক অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

যেভাবে গ্রেপ্তার হন এসপি জাহাঙ্গীর
এর আগে গত শনিবার দিবাগত রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। নগরের হালিশহর এলাকার জেলা পুলিশ লাইন্সের অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তিনি পাঁচলাইশ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

পুলিশের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে বাংলাদেশে ফেরার পরিকল্পনা নিয়েও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করছিলেন জাহাঙ্গীর আলম। এ ছাড়া আওয়ামী লীগ নেতাদের কাছে পুলিশের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর তথ্য সরবরাহের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।সরকারি সেবা

পুলিশ সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলাটি করা হয়। আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী পাঁচলাইশ থানায় মামলাটি করেন। এরপর তাকে গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার অভিযোগের প্রাথমিক তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমকে নিজের কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন রেঞ্জ ডিআইজি। সেদিন তার ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মুঠোফোন জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য ঢাকার পুলিশ সদর দপ্তরের বিশেষ শাখায় (এসবি) পাঠানো হয়। এ ঘটনায় বিভাগীয় তদন্তের দায়িত্ব দেওয়া হয় চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস) সফিজুল ইসলামকে।

মোহাম্মদ জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন। এর আগে ঢাকার ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের বিরুদ্ধেও রাষ্ট্রদ্রোহের মামলা হয়েছিল। ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top