চাটগাঁ নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পাচার করে আনা ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।
এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মিয়ানমারের জলসীমায় পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ রোববার (১৫ নভেম্বর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও মানবপাচারসহ বিভিন্ন ধরনের চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
কোস্ট গার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মিয়ানমার থেকে ইয়াবার একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করা হয়। পরে গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরী কর্তৃক নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের জলসীমায় পালিয়ে যায়। পরে আভিযানিক দল নদীতে ভাসমান চারটি পলিথিন মোড়ানো প্যাকেট তল্লাশি করে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা জানান, জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চাটগাঁ নিউজ/জেএইচ






