আগ্রাবাদে সিডিএর অভিযান: বালুর মাঠে দোকান, গ্যারেজ ও টার্ফ উচ্ছেদ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার বালুর মাঠে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

আজ রোববার (১৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিডিএর স্পেশাল ম্যাজিস্ট্রেট হামীমুন তানজীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে চৌধুরী সুপার শপ নামের একটি দোকান, রয়েল অটো কার নামের একটি গ্যারেজ ও একটি ফুটবল টার্ফ উচ্ছেদ করা হয়েছে।

অভিযান প্রসঙ্গে সিডিএর অথরাইজড অফিসার তানজীব হোসেন বলেন, এখানে ফ্ল্যাট নির্মাণের জন্য সিডিএ থেকে অনুমোদন নেওয়া হয়েছিল। তবে স্থাপনাগুলো নিয়ে বিভিন্ন অভিযোগ আসায় অভিযান চালানো হয়েছে।

তাঁর ভাষ্য, সিডিএ কিছু শর্তে প্লটগুলো বরাদ্দ দিয়েছিল। শর্ত মেনে জায়গা ব্যবহার না করলে নোটিশ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তানজীব হোসেন আরও বলেন, অবৈধ দখলদারদের নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু তারা সিডিএ অনুমোদিত কোনো নকশা দেখাতে পারেননি। এ কারণে ইমারত নির্মাণ আইনের আওতায় অভিযান চালানো হয়েছে। কোন প্লট কাকে এবং কী উদ্দেশ্যে বরাদ্দ দেওয়া হয়েছিল, সে বিষয়ে সিডিএর ভূমি ও প্রকৌশল শাখা তথ্য দিতে পারবে বলে জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, বালুর মাঠটি দীর্ঘদিন ধরে তাদের খেলার জায়গা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ছোটবেলা থেকে এই মাঠে খেলেই তারা বড় হয়েছেন। কিন্তু এখন তাদের সন্তানেরা সেখানে খেলার সুযোগ পাচ্ছে না। মাঠটি রক্ষায় এর আগে একাধিকবার প্রতিবাদ ও মানববন্ধন করেছেন তাঁরা। আজকের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

আগ্রাবাদের এই বালুর মাঠ নিয়ে এর আগেও অভিযোগ উঠেছিল। প্রায় এক বছর আগের একটি প্রতিবেদন অনুযায়ী, সরকারি খেলার মাঠের একাংশ স্থানীয় প্রভাবশালী একটি চক্র বাণিজ্যিকভাবে ব্যবহার করছে। সেখানে দোকান নির্মাণ ও বরাদ্দের ক্ষেত্রে সিডিএর কয়েকজন কর্মকর্তার যোগসাজশের অভিযোগও ছিল।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, এস আলম গ্রুপ খেলার মাঠটি লিজ নিয়ে ৭০০ কোটি টাকা ঋণ নিয়েছে। লিজ ও ঋণ গ্রহণের প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) কাগজপত্র যাচাই করছে। তখন দুদকের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, মাঠ দখলের সরাসরি প্রমাণ মেলেনি। তবে কাগজপত্র আরও যাচাই করা হচ্ছে।

সিডিএর উচ্ছেদ করা জায়গাটি আবার খেলার মাঠ হিসেবে দেখতে চান আবাসিক এলাকার বাসিন্দারা। আজ সেখানে উচ্ছেদ অভিযান দেখছিল ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ রাফি। জানতে চাইলে সে বলে, আমাদের খেলার মাঠ দখল করে টার্ফ গড়ে তোলা হয়েছে। এখন খেলতে গেলে সকালে ঘণ্টায় এক হাজার টাকা দিতে হয়। রাতে ১ হাজার ৬০০ থেকে ২ হাজার টাকা দিতে হয়। আমরা টাকা দিয়ে খেলতে পারি না। তাই খেলাও বন্ধ।

এলাকার এক বাসিন্দা বলেন, আগে এটি উন্মুক্ত খেলার মাঠ ছিল। আওয়ামী লীগের আমলে এখানে প্লট বরাদ্দ দেওয়া হয়। আমরা তখন থেকেই প্রতিবাদ করছি। এটি আবার খেলার মাঠ করা হোক।

তবে উচ্ছেদ করা জায়গায় আবার খেলার মাঠ হবে কি না, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানায়নি সিডিএ। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ আবুল হাসনাত বলেন, বরাদ্দ পাওয়া প্লটে শর্ত ভঙ্গ করা হয়েছে। তাই উচ্ছেদ অভিযান চালিয়ে জায়গাটি উন্মুক্ত করা হয়েছে। উন্মুক্ত জায়গাটি নিয়ে পরে কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা জানানো হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top