রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।
রোববার (১৫ নভেম্বর) পরিচালিত এই অভিযানে ভাটাগুলোর চিমনিসহ কিলন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় এবং অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ান-উল-ইসলাম।
উচ্ছেদ হওয়া ইটভাটাগুলো হলো— উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের মেসার্স বাংলাদেশ স্ট্যান্ডার্ড ব্রিকস (বিএসবি) এবং ইসলামপুর ইউনিয়নের গলাচিপা এলাকার মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-২) ও মেসার্স বাংলাদেশ ন্যাশনাল ব্রিকস (বিএনবি-৩)।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯)’ এবং ‘বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)’-এর বিভিন্ন ধারা লঙ্ঘন করে ইটভাটাগুলো পরিচালিত হচ্ছিল। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ভাটাগুলোর চিমনি ও কিলন ভেঙে ফেলা হয়। একই সঙ্গে রাঙ্গুনিয়া পল্লী বিদ্যুতের সদস্যদের সহযোগিতায় ভাটাগুলোর অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন ও ডাটা এন্ট্রি অপারেটর কাজী ইফতেকার উদ্দিন উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় এসআরবি-০৭, চট্টগ্রাম আনসার সদর দপ্তর ও রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম জেলা কার্যালয়ের রিসার্চ অফিসার মো. আশরাফ উদ্দিন জানান, পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/জগলুল/জেএইচ






