ফটিকছড়িতে ৫ হাজার ঘনফুট বালু জব্দ, উন্মুক্ত নিলামের ঘোষণা

ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সকালে আনসার বাহিনীর সহযোগিতায় উপজেলার পাইন্দং ও ভূজপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ।

প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাইন্দং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ফকিরাচান এবং ভূজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের রাবার ড্যাম ও আমতলী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বিভিন্ন স্থান থেকে প্রায় ৫ হাজার ঘনফুট অবৈধ বালু এবং বালু উত্তোলনে ব্যবহৃত বেশ কিছু বেলচা ও ভেলা জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্লাহ বলেন, পরিবেশ রক্ষা ও জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার প্রক্রিয়া হিসেবে ইতোমধ্যে নোটিশ দেওয়া হয়েছে।

অবৈধ বালু ও মাটি উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ

Scroll to Top