আরব আমিরাতের সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

বোয়ালখালী প্রতিনিধি: পরিবারের হাসি ফোটাতে ও স্বজনদের ভাগ্য পরিবর্তনের আশায় দুই বছর আগে সংযুক্ত আবর আমিরাতে পাড়ি জমিয়েছিলেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের সাইফুদ্দিন সিকদার মহসিন নামের এক ব্যক্তি। কিন্তু স্বপ্ন পূরণের আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তিনি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে দেশটির আল খুজামিয়া এলাকায় পিকআপে করে কর্মস্থলে যাওয়ার পথে এক দুর্ঘটনায় তার মৃত্যু হয়।

জানা গেছে, নিহত মহসিন উপজেলার পশ্চিম সারোয়াতলী ১ নম্বর ওয়ার্ডের কোরবান আলী সিকদার বাড়ির মৃত আবদুল মোতালেব সিকদারের ছেলে। তার দুই মেয়ে রয়েছে। তিনি প্রবাসে অ্যালুমিনিয়ামের কাজ করতেন।

নিহতের বড় ভাই রেজাউল করিম সিকদার জানান, বৃহস্পতিবার দুপুরে পিকআপে করে কর্মস্থলে যাওয়ার পথে লরির ধাক্কায় গুরুতর আহত হন মহসিন। পরে তাকে উদ্ধার করে শারজাহর এমকিউএইচ আল কাসিমি হাসপাতালে নেওয়া হলে বেলা পৌনে ৩টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় তার মাথায় গুরুতর আঘাত লাগে। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলমান বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/জেএইচ

Scroll to Top