সীতাকুণ্ডে লরির ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

চাটগাঁ নিউজ ডেস্ক : সীতাকুণ্ড উপজেলায় সড়ক দুর্ঘটনায় নুরুল হুদা ভূঁইয়া (৪৪) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দ্রুতগতির একটি লরির ধাক্কায় প্রাণ হারান তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) রাতে উপজেলার ইদুলপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নুরুল হুদা ভূঁইয়া, মিরসরাই উপজেলার মসজিদিয়া এলাকার মৃত শফিউল্লাহ ভূঁইয়ার ছোট ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।

জানা গেছে, নুরুল হুদা তার ভাইয়ের সঙ্গে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। অনুষ্ঠান শেষে তার ছোট ভাই আগেই বাড়ির উদ্দেশে রওনা হন। শুক্রবার রাতে ইদুলপুর এলাকায় মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি অজ্ঞাতপরিচয় লরি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিরা হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) জিয়া উদ্দিন ভূঁইয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনায় জড়িত লরিটি শনাক্তের চেষ্টা চলছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top