সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে মাইক্রোবাসের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ৪ জন।
আজ বুধবার সকালে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বিদুৎ অফিসের সামনে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয়পুরহাট পৌরসভার বাদশা গ্রামের মৃত নজিবুর রহমানের স্ত্রী রোজী আক্তার (৬০) এবং তার মেয়ে জয়পুরহাটের জামালগঞ্জ গ্রামের আসলাম হোসেনের স্ত্রী নাজমা খাতুন (৪২)। আহত বাকী চার জনের নাম জানা যায়নি। তারা ঢাকার মোহাম্মদপুরের বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরো জানা গেছে, জয়পুরহাট থেকে বান্দরবান যাওয়ার পথে তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটিতে থাকা সকলে গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা এবং পুলিশ তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডাক্তার দুইজন নারীকে মৃত্যু ঘোষণা করেন।
বারআউলিয়া হাইওয়ে থানার উপ পরিদর্শক (এসআই) মিল্টন মন্ডল বলেন, সকাল সাড়ে আটটার দিকে জয়পুরহাট থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস বাড়বকুণ্ড আনোয়ারা গেট এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে দুইজন নিহত হন। আহত হন আরো চারজন।
আহতদের উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।
চাটগাঁ নিউজ/জেএইচ






