ট্রাকের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের ডবলমুলিং থানার মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকের চালক মো. রুহুল আমিন (৪৫) নামের ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে।

জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম।

গ্রেপ্তার মো. রুহুল আমিন, পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধর্মগ্রাম খন্দকার বাড়ির মৃত সোহরাব আলীর ছেলে।

শেখ শরীফুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদক নিয়ে নগরের কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া বারটার দিকে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে চেকপোস্ট বসায়। পরে রাত সোয়া দুইটার দিকে ট্রাকটি সেখানে পৌঁছালে সেটি আটক করা হয়। এ সময় ট্রাকের চালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। পরে তাঁর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া রয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top