মুদির দোকানে মিলল ৪৫০ কেজি সরকারি চাল

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামের বাঁশখালীতে মুদি দোকান থেকে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ৪৫০ কেজি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইজ্জতিয়া স্কুলসংলগ্ন ইয়াহিয়ার মুদির দোকানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। এ ঘটনায় মুদি দোকানি মো. ইয়াহিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তামজিদুর রহমান তন্ময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। দণ্ডপ্রাপ্ত ইয়াহিয়া (৩১) পশ্চিম পুঁইছড়ি লোয়াইপাড়া এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় ইউপি সদস্য ও গ্রাম পুলিশের একটি দল ইজ্জতিয়া স্কুলসংলগ্ন ইয়াহিয়ার মুদির দোকানে গিয়ে সরকারি বরাদ্দের চাল মজুত থাকার বিষয়টি দেখতে পান। পরে তারা প্রশাসনকে খবর দেয়। পরে উপজেলা প্রশাসন ওই দোকানে অভিযান চালায়।

অভিযানের সময় দোকান মালিক মো. ইয়াহিয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করেন তিনি তার বোনের স্বামী মো. রশিদ আহমদের কাছ থেকে চালগুলো কিনেছেন। রশিদ আহমদ পুঁইছড়ি ইউনিয়ন বিএনপি নেতা এবং সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ইয়াহিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে রশিদ আহমদের মালিকানাধীন মেসার্স চিটাগাং স্টোরে তল্লাশি চালানোর উদ্যোগ নেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে ডিলার দোকানে তালা বন্ধ করে চলে যান।

বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজিদুর রহমান তন্ময় বলেন, সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল দোকানে মজুত ও বিক্রির দায়ে দোকানমালিক মো. ইয়াহিয়াকে দণ্ডবিধি, ১৮৬০–এর ১৮৮ ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top