আজ বিজয়া দশমী, চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

চাটগাঁ নিউজ ডেস্ক: ‎আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার। টানা আনন্দ-উৎসবের পর আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিজয়া দশমীতে মর্ত্যলোক ছেড়ে নৌকা চড়ে কৈলাসে বিদায় নিবেন দেবী দুর্গা। ফলে চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে এখন বেজে উঠেছে বিষাদ ও বিদায়ের ঘণ্টা।
‎
‎তাইতো আজ ভোর থেকে মণ্ডপে মণ্ডপে ভক্তদের উপচে পড়া ভিড়। বিদায়বেলায় দেবীকে প্রাণভরে দেখে নিচ্ছেন ভক্তরা। প্রার্থনা করছেন নিজ পরিবার, সমাজ ও দেশের মঙ্গল কামনায়।
‎
জানা গেছে, আজ সকাল ৯:৫৭ মিনিটের মধ্যে দেবী দুর্গার দশমী বিহিত পূজা ও দর্পণ বিসর্জন সম্পন্ন করা হয়েছে।

‎এছাড়া দশমীর আনুষ্ঠানিকতার অন্যতম বড় আকর্ষণ হলো ‘দেবী বরণ’ ও ‘সিঁদুর খেলা’। বিসর্জনের আগে বিবাহিত নারীরা দেবীকে সিঁদুর পরিয়ে ও মিষ্টি নিবেদন করে বিদায় জানান। সিঁদুর খেলার মাধ্যমে তারা দেবীর কাছে স্বামীর দীর্ঘায়ু, মঙ্গল এবং পরিবারের কল্যাণ কামনা করেন। দেবীর চরণে সিঁদুর ছুঁইয়ে নারীরা একে অপরের কপালে ও গালে সিঁদুর মেখে, নাচ-গান ও মিষ্টিমুখের মাধ্যমে এই আনন্দ ভাগাভাগি করে নেন। তবে এ সিঁদুর খেলায় শুধু বিবাহিত নারীরাই নন, অবিবাহিত তরুণীসহ অন্যান্য ভক্তরাও এই উৎসবে মেতে ওঠেন।

আজ সকাল ১১:৩০ টায় মায়ের বরণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর দুপুর ১২:০০ টায় থাকবে বিভিন্ন মণ্ডপে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি।

এরপর বিকেল ৩টা থেকে শুরু হবে বিজয়া শোভাযাত্রা ও বিসর্জনের প্রস্তুতি। এ উপলক্ষে নগরীর প্রধান ৪ বিসর্জন কেন্দ্র পতেঙ্গা সমুদ্রসৈকত, অভয়মিত্র ঘাট, কাট্টলী রানী রাসমণি ঘাট ও কালুরঘাট এলাকায় ব্যপক প্রস্তুতি নেয়া হয়েছে। সেই সাথে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন থাকবে পুলিশ-এসআরবি ও আনসার বাহিনীর সদস্যরা।
‎
‎উল্লেখ্য, শাস্ত্রীয় বিধান অনুযায়ী এ বছর দেবী দুর্গার আগমন ঘটেছিল ঘোটকে (ঘোড়ায়) এবং দেবী কৈলাসে গমন করছেন নৌকায় চড়ে। গত ১০ অক্টোবর শুভ মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের প্রথম বার্তা এসেছিল এবং গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে মূল ৬ দিনের পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছিল। এরপর ১৭ অক্টোবর মহাসপ্তমী, ১৮ অক্টোবর মহাসপ্তমীর অতিরিক্ত পূজা, ১৯ অক্টোবর মহাষ্টমী ও সন্ধিপূজা এবং ২০ অক্টোবর মহানবমীর আরতি প্রতিযোগিতাসহ নানা আয়োজনের পর আজ বিজয়া দশমীর মধ্য দিয়ে পূর্ণতা পাচ্ছে এই উৎসব।

‎এ বছর হিন্দু সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরকারি নির্বাহী আদেশে দুর্গাপূজার ছুটি তিনদিন পর্যন্ত বর্ধিত করা হয়। শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির সঙ্গে এই বর্ধিত ছুটি যুক্ত হয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত মোট পাঁচ দিনের টানা ছুটি পাওয়ার সুযোগ তৈরি হয়েছে, যা উৎসবের আনন্দকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। দুর্গাপূজা কেবল একটি ধর্মীয় উৎসবই নয়, বরং বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে সব ধর্মের মানুষকে একত্রিত করে অসাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দেয়। বিজয়া দশমী উপলক্ষ্যে সামাজিক ও রাজনৈতিক বিভিন্ন দল ও সংগঠনের নেতারা সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

‎প্রসঙ্গত, দুর্গাপূজার এই বিদায়বেলার পর আগামী ২৫ অক্টোবর রোববার লক্ষ্মীপূজা, ৬ নভেম্বর শুক্রবার বিজয়া সম্মিলন এবং ৮ নভেম্বর রোববার শ্যামাপূজা ও সন্ধ্যায় হাজার প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পালিত হবে দীপাবলি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top