যানজটের দায়ে—আল হিদায়াহ স্কুলকে ৪৫ লাখ টাকা জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রামে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ৪৫ লাখ টাকা এবং উৎসব সুপার মার্কেটকে ৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)।

যানজট নিরসন এবং পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর অংশ হিসেবে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) নগরীর পাঁচলাইশ এলাকায় প্রতিষ্ঠান দুটিকে এ জরিমানা করা হয়। একই এলাকার ফ্রোবেল প্লে স্কুল কর্তৃপক্ষকে বিভিন্ন পর্যবেক্ষণ তুলে ধরে সতর্ক করা হয়েছে।

সিডিএ জানায়, এর আগে প্রতিষ্ঠানগুলোতে পরিদর্শন অভিযানের পর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করে সিডিএ। বৈঠকে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুল এবং উৎসব সুপার মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করার পাশাপাশি প্রয়োজনীয় সংশোধনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছিল।

কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিমের নেতৃত্বে পরিচালিত সংক্ষিপ্ত বিচার আদালত প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করেন।

আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলের ক্ষেত্রে প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ২০ লাখ টাকা এবং ভবন মালিককে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে উৎসব সুপার মার্কেটকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে ফ্রোবেল প্লে স্কুলের বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয় এবং প্রয়োজনীয় সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের উদ্যোগে নগরীর শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পার্কিং ব্যবস্থাপনা, যানবাহন চলাচল এবং সড়ক ব্যবহারে শৃঙ্খলা ফেরাতে ধারাবাহিকভাবে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর লক্ষ্য, প্রতিষ্ঠানের নিজস্ব কার্যক্রমের কারণে সৃষ্ট যানজট কমানো এবং নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা।

সিডিএর স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হামীমুন তানজিম জানান, নগরীর যানজট নিরসন ও সুশৃঙ্খল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করতে পরিদর্শন, সতর্কীকরণ এবং প্রয়োজন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ভবন মালিকদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top