চন্দনাইশে হামে আক্রান্ত হয়ে কিশোরীর মৃত্যু

চাটগাঁ নিউজ ডেস্ক: চন্দনাইশের দোহাজারীতে হামে আক্রান্ত এক কিশোরীর মৃত্যু হয়েছে। রাইসা তানিয়া রাধিকা (১৪) নামের ওই কিশোরী দোহাজারী জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী।

বুধবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানা গেছে।

জানা যায়, দোহাজারী পৌরসভার জামিজুরী ঘোড়াপাড়া এলাকার মোহাম্মদ আলীর মেয়ে রাইসা তানিয়া রাধিকা খুবই মেধাবী ছাত্রী ছিল। আনুমানিক ২০ থেকে ২৫ দিন আগে রাইসা হামে আক্রান্ত হয়ে স্থানীয় হাসপাতাল ও চট্টগ্রাম নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিল। অবশেষে গতকাল বুধবার দুপুরে রাইসা নগরীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তিন ভাই-বোনের মধ্যে রাইসা ছিল সবার ছোট।

জামিজুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণু যশা চক্রবর্তী জানান, রাইসা ছিল অত্যন্ত প্রাণচঞ্চল। সবাইকে আনন্দে মাতিয়ে রাখতো। শিক্ষকেরাও তাকে ভালোবাসতো এবং তার প্রশংসা করতো। প্রায় ২০ দিন আগে রাইসা অসুস্থ হলে চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়। পরে আবার হামে আক্রান্ত হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুতে পরিবার, স্বজন ও প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বুধবার বিকেলে তার মরদেহ গ্রামের বাড়ি ও স্কুল প্রাঙ্গনে নিয়ে আসলে আত্মীয়-স্বজন, সহপাঠী ও স্কুলের শিক্ষকরা কান্নায় ভেঙ্গে পড়েন। একইদিন এশার নামাজ শেষে জামিজুরী গালিমের মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top