চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩২৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ১৫ হাজার ৬০৫টি ইয়াবা, ২৮ কেজি ৬১০ গ্রাম গাঁজা ও ৪২২ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) ২৪ ঘণ্টার অভিযান ও গ্রেপ্তারের পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম রেঞ্জ থেকে এই তথ্য জানানো হয়।
চট্টগ্রাম রেঞ্জের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ৮১৪ জনের মধ্যে নিয়মিত মামলায় ১৪২ জন, আগের মামলায় ৫৫ জন, পরোয়ানামূলে ১৪০ জন এবং সাজা পরোয়ানামূলে ২২ জন রয়েছেন।
এ ছাড়া পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় সাতজন এবং ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদকসংক্রান্ত মামলায় ৫৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি নিয়মিত ও অন্যান্য মামলায় ৭৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারের তথ্য রয়েছে। অভিযানে সরাসরি গ্রেপ্তার হয়েছেন ১৩২ জন।
মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ সময় ৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৩৫টি মামলা করা হয়েছে। অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৫ হাজার ৬০৫টি ইয়াবা ট্যাবলেট, ২৮ কেজি ৬১০ গ্রাম গাঁজা, ৪২২ লিটার চোলাই মদ, ২৪ বোতল বিদেশি মদ এবং ১২ বোতল স্কাফ সিরাপ।
এদিকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে ছয়জন, নোয়াখালীতে পাঁচজন, ব্রাহ্মণবাড়িয়ায় দুজন এবং ফেনীতে দুজন রয়েছেন। কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩২৪ জনের মধ্যে ২৭৮ জনকে মুচলেকায় অভিভাবক বা জিম্মাদারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি ৪৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।।জেলাভিত্তিক হিসাবে কিশোর গ্যাংয়ের সদস্য আটকের সংখ্যা সবচেয়ে বেশি চট্টগ্রামে। এ জেলায় ৮২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া লক্ষ্মীপুরে ৬১, নোয়াখালীতে ৫২, ব্রাহ্মণবাড়িয়ায় ৪১, চাঁদপুরে ২৭, ফেনীতে ২০, কক্সবাজারে ১৬, খাগড়াছড়িতে ১১, রাঙামাটিতে ১০ এবং বান্দরবানে চারজনকে আটক করা হয়েছে।
চাটগাঁ নিউজ/এসএ






