পটিয়ায় ব্যবসায়িক প্রাণকেন্দ্রে পার্কিং সংকট, যানজটে জনদুর্ভোগ!

পটিয়া প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া পৌরসভার ব্যবসায়িক প্রাণকেন্দ্রের বিভিন্ন মার্কেটে পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা না থাকায় প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে যানজট। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ক্রেতা, ব্যবসায়ী, পথচারী ও সাধারণ যাত্রীদের। বিশেষ করে ব্যস্ত সময়ে সড়কে যানবাহনের চাপ বেড়ে গেলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে মূল্যবান সময় নষ্ট হচ্ছে সাধারণ মানুষের।

স্থানীয়দের অভিযোগ, মার্কেট নির্মাণের ক্ষেত্রে পার্কিংয়ের জায়গা রাখার বিধান থাকলেও অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে বাস্তবায়ন করা হচ্ছে না। কোথাও কোথাও পার্কিংয়ের জন্য নির্ধারিত জায়গা দোকান নির্মাণ করে বা ভাড়া দিয়ে বাণিজ্যিক কাজে ব্যবহার করার অভিযোগও রয়েছে। ফলে মার্কেটে আসা ক্রেতাদের যানবাহন রাখার নির্দিষ্ট জায়গা না থাকায় ব্যস্ত সড়কের পাশে গাড়ি রাখতে হচ্ছে। এতে যানজট আরও বাড়ছে।

সরেজমিনে দেখা যায়- পৌরসভার ছবুর রোড, আদালত রোড, ক্লাব রোড ও স্টেশন রোডসহ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় প্রতিদিন বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ কেনাকাটা ও ব্যবসায়িক কাজে আসেন। তাদের অনেকেই মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যক্তিগত গাড়ি নিয়ে মার্কেটে প্রবেশ করেন। কিন্তু পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় এসব যানবাহন সড়কের পাশে রাখতে হচ্ছে। এতে সড়কের স্বাভাবিক চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট।

আবদুস সোবহান রাহাত আলী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা বলেন, পটিয়ার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকাগুলোতে প্রতিদিন বিপুলসংখ্যক মানুষের সমাগম ঘটে। কিন্তু যানবাহন রাখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় সড়কের ওপর গাড়ি রাখতে হচ্ছে। ফলে যানজটের সৃষ্টি হচ্ছে এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। এ সমস্যা সমাধানে পরিকল্পিত পার্কিং ব্যবস্থা নিশ্চিত করা জরুরি।

হাইদগাঁও থেকে আসা আজিজুল হক অভিযোগ করে বলেন, মার্কেট নির্মাণের সময় পার্কিংয়ের জায়গা রাখার পরিকল্পনা থাকলেও বাস্তবে অনেক ক্ষেত্রে এর যথাযথ ব্যবহার নিশ্চিত করা হচ্ছে না। কিছু মার্কেটে পার্কিংয়ের জায়গা দোকান নির্মাণ বা ভাড়া দেওয়ার কাজে ব্যবহার করা হচ্ছে। ফলে ক্রেতারা বাধ্য হয়ে ব্যস্ত সড়কের পাশে যানবাহন রাখছেন।

তিনি আরো বলেন, এর কারণে শুধু যানজটই নয়, পথচারীদের চলাচলেও বিঘ্ন ঘটছে। বিশেষ করে শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং রোগী বহনকারী যানবাহনকে চলাচলে সমস্যায় পড়তে হচ্ছে প্রতিনিয়ত।

আলমগীর নামে স্থানীয় এক ব্যবসায়ী বলেন, সড়কে যানজটের কারণে ছোটখাটো দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। পাশাপাশি ক্রেতাদের যাতায়াতে বিঘ্ন ঘটায় ব্যবসা-বাণিজ্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে। মার্কেট নির্মাণের ক্ষেত্রে পার্কিং-সংক্রান্ত বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছে কি না, তা নিয়মিত তদারকি করা প্রয়োজন। যেসব মার্কেটে পার্কিংয়ের জায়গা অন্য কাজে ব্যবহার করা হচ্ছে, সেসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে পটিয়া পৌরসভার প্রশাসক ফারহানুর রহমান বলেন, পৌরসভায় জনবল সংকট রয়েছে। মার্কেট মালিকদের চিঠি দেওয়া হয়েছে। আইন অনুযায়ী জরিমানা করার বিধান রয়েছে। প্রয়োজনে মার্কেট ভেঙে ফেলার ব্যবস্থাও নেওয়া যেতে পারে।

তবে গুলজার টাওয়ারের মালিক দাবি করেন, তার মার্কেটে গাড়ি রাখার ব্যবস্থা করার কথা নয়। মার্কেটের পেছনে পৌরসভার জায়গা রয়েছে, সেখানে গাড়ি রাখা যাবে বলে তিনি জানান।

অন্যদিকে আলম প্লাজার মালিক বলেন, তার মার্কেটে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। তবে আশপাশের অন্য মার্কেটে পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় তার মার্কেটের সামনেও যানবাহন রাখা হয়। এতে যানজটের সৃষ্টি হচ্ছে।

এদিকে দীর্ঘদিনের এ সমস্যা সমাধানে পটিয়ার সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ মানুষ।

তাদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে মার্কেটগুলোর পার্কিং ব্যবস্থা যাচাই, প্রযোজ্য বিধিবিধানের বাস্তবায়ন এবং যানজটপ্রবণ এলাকায় সুষ্ঠু যানবাহন ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।

চাটগাঁ নিউজ/ওবায়দুল/জেএইচ

Scroll to Top