দুই মাসেও তদন্ত রিপোর্ট জমা দেয়নি তদন্ত কমিটি
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

হাটহাজারী প্রতিনিধি: হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পর গঠিত তদন্ত কমিটি দুই মাসেও তদন্ত রিপোর্ট জমা দেয়নি।

গত ১৬ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তর থেকে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারির দশ কর্মদিবস এবং পরে আরো সাত কর্মদিবসে তদন্ত রিপোর্ট জমা দেয়ার কথা জানিয়েছিলেন চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি।

নির্দিষ্ট কর্মদিবস শেষে বিষয়টি জানতে চাইলে মুঠোফোনে ডা. সেখ ফজলে রাব্বি তখন জানিয়েছিলেন, রিপোর্ট প্রস্তুত তবে তদন্ত কমিটির সভাপতি অফিসিয়াল কাজে দেশের বাহিরে অবস্থান করায় সেটি প্রকাশ করা যায়নি। তিনি দেশে ফিরে রিপোর্ট জমা দিবেন বলেও জানিয়েছিলেন ডা. সেখ ফজলে রাব্বি।

পরবর্তীতে তদন্ত কমিটির সভাপতি দেশে ফিরলেও অদৃশ্য কারণে আলোর মুখ দেখছে না সেই তদন্ত রিপোর্ট।

এদিকে জানতে চাইলে অফিসিয়াল কাজে চট্টগ্রামের বাহিরে আছেন ফিরেই ব্যবস্থা নেয়ার কথা জানান বিভাগীয় পরিচালক ডা. শেখ ফজলে রাব্বি।

জানা গেছে, অভিযুক্তরা তদন্ত রিপোর্ট তাদের পক্ষে এবং বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট প্রমানে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। স্বাস্থ্য কমপ্লেক্সের হাজিরা খাতায় অনুপুস্থিত হাজিরায় উপস্থিতির সাক্ষর, মেয়াদোত্তীর্ণ ওষুধ সরিয়ে ফেলা, রেজিস্টার খাতা সংশোধনসহ নানান কৌশল অবলম্বন করার অভিযোগ উঠে। এমনকি তদন্ত রিপোর্ট পক্ষে নিতে বিশেষ করে প্রধান অভিযুক্তকে নির্দোষ প্রমানে ওই দফতরের সংশ্লিষ্ট নেতাদের মাধ্যমে জোর তদবির চালানো হচ্ছে।

উল্লেখ্য গত আগস্ট মাসের বিভিন্ন সময়ে চাটগাঁ নিউজসহ বিভিন্ন জাতীয়, আঞ্চলিক পত্রিকা ও অনলাইনে ‘হাটহাজারীতে রাতের আঁধারে হাসপাতালের মালামাল বিক্রি, স্টোর কিপার এক মাসের ছুটি নিলেও দুই মাসেও ফেরেনি কর্মস্থলে, সরকারি চাকরির পাশাপাশি জড়িত ধর্মীয় সংগঠনে, স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ ওষুধ, অ্যাম্বুলেন্স চালক যখন টিএসও’র গাড়ির সিটে, হুকুম পালন করেন কর্তার-চালক আরমান, অভিযোগ অস্বীকার কর্মকর্তার, নিয়ম নেই-সিভিল সার্জন’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।

প্রতিবেদনগুলো স্বাস্থ্য অধিদফতরের নজরে আসলে গত ১৬ আগস্ট চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) দপ্তর থেকে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মনোয়ার হোসেন চৌধুরীকে সভাপতি, সহকারী পরিচালক (ডেন্টাল) ডা. আবু সৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসাইনকে সদস্য সচিব ও ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলমকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

চাটগাঁ নিউজ/শোয়াইব/জেএইচ

Scroll to Top