ফটিকছড়ি প্রতিনিধি: চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতে ফাঁসির আসামি। তিনি বাংলাদেশে ফিরলে তার বিচার হবে এবং তাকে সরাসরি কারাগারে যেতে হবে।
আজ মঙ্গলবার বিকেলে দেশে পরিকল্পিত নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ফটিকছড়িতে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে রাজঘাট এলাকায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরোয়ার আলমগীর বলেন, ‘শেখ হাসিনা আদালতে ফাঁসির আসামি। তাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে। তিনি দেশে ফিরলে সরাসরি জেলখানায় যাবেন এবং তার বিচার হবে। ডিসেম্বরের হুমকি দিয়ে কোনো লাভ হবে না।’
তিনি আরও বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফার ভিত্তিতে দেশ এগিয়ে যাচ্ছে। রাজাকার-স্বৈরাচার মিলেমিশে একাকার হলেও ইনশাআল্লাহ পরাজিত শক্তি বাংলাদেশের কোনো ক্ষতি করতে পারবে না।’
বিএনপির নেতা মোবারক হোসেন কাঞ্চনের সভাপতিত্বে ও জহির আজম চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিম উদ্দীন শাহীনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এর আগে উপজেলা দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজঘাট এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
চাটগাঁ নিউজ/আনোয়ার/জেএইচ






