চট্টগ্রামের খুলশীর বাসা থেকে উদ্ধার শিক্ষিকার মরদেহ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর দক্ষিণ খুলশীর একটি ভাড়া বাসা থেকে ছন্দা শর্মা (৩৬) নামে এক কলেজ শিক্ষিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি চট্টগ্রাম নাছিরাবাদ সরকারি মহিলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন।

সোমবার রাতে দক্ষিণ খুলশীর ৩ নম্বর রোডের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে পরিবারের কোনো সদস্য বাসায় না থাকায় তিনি একা ছিলেন। তার স্বামী কাজ থেকে ফিরে দীর্ঘক্ষণ ধরে ডাকাডাকির পরও দরজা না খোলায় দারোয়ানকে ডেকে দরজা ভেঙে ফেলেন তারা। পরে ঘরে ঢুকে দেখেন শয়নকক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল ছন্দা শর্মার মরদেহ। এরপর তারা পুলিশকে খবর দেন।

জানা গেছে, ছন্দা শর্মা আমিলাইশ কাঞ্চনা বঙ্গচন্দ্র ঘোষ ইনস্টিটিউটের শিক্ষক হরেরাম শর্মার মেয়ে। স্বামী মদন শর্মার সঙ্গে ১৩ বছরের সংসারজীবনে তাদের কোনো সন্তান-সন্ততি নেই।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রাতে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামীকে হেফাজতে নেয়া হয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top